ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জলদস্যুর ভয়ে নদীতে ঝাপ দিল চাচা ভাতিজা, মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে গতকাল রাতে মো. রাব্বি (১৫) ও মিজানুর রহমান মাঝি (৪৭) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা। তারা গতকাল রাতে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়েছে। নিহত দুই জনসহ ট্রলারটিতে ৬ জন জেলে ছিলেন। নিহতরা হাজারীগঞ্জ ইউনিয়নের চর পক্ষিরা গ্রামের বাসিন্দা।


শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ওসি জানান, মিজানুর রহমান মাঝি তার ভাতিজা রাব্বিসহ ৬ জন জেলে নিয়ে গতকাল রাত ৮টার দিকে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। একপর্যায়ে তাদের ট্রলারের পাশ দিয়ে দ্রুতগতিতে আরেকটি ট্রলার যাচ্ছিল। সে সময় রাব্বিসহ ট্রলারে থাকা সকলে মনে করেছিল পাশ দিয়ে যাওয়া ট্রলারটি জলদস্যুদের। সেই ভয়ে রাব্বি হঠাৎ করে নদীতে ঝাপ দেয়। সে (রাব্বি) সাঁতার জানতো না। নদীতে থাকা কারেন্ট জালে রাব্বির পা পেঁচিয়ে যায়। তখন ভাতিজা রাব্বিকে বাঁচাতে চাচা মিজানুর রহমানও নদীতে ঝাপ দেয়। এরপর চাচা মিজানুর রহমানেরও পা জালে আটকিয়ে যায়। পরে ট্রলারে থাকা অন্যান্য জেলেরা নদী থেকে তাদেরকে মৃত উদ্ধার করে। উদ্ধার করা অবস্থায় তাদের দুজনের শরীরে কারেন্ট জাল পেঁচানো ছিল।


ওসি আরও জানান, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং তাদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। নিহতদের পরিবার বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। পরে শশিভূষণ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑